
গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে স্বামী-স্ত্রী নিহত, একই পরিবারের দগ্ধ ৫
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
সাভারে আগুনে পুড়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন একই পরিবারের আরও পাঁচজন। শুক্রবার (৬ ডিসেম্বর) গভীর রাতে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় রওশন আলীর বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হচ্ছেন, রওশন আলী (৫০) ও তার স্ত্রী খাইরুননেছা (৪৫)। দগ্ধ পাঁচজনের মধ্যে চার জনের জনের নাম পাওয়া গেছে। তারা হচ্ছেন- মেহেরুন্নেসা, তাজুল ইসলাম, হযরত আলী, রওশন আলীর মেয়ে ফাতেমা।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রওশন আলীর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর শুক্রবার রাত আড়াইটার দিকে হঠাৎ করেই বাড়ির ভেতরে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির সবগুলো কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পুড়ে দগ্ধ হয় একই পরিবারের সাত সদস্য। তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রনে আনেন।
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-জানুয়ারি-২০১৭ইং/নোমান






