পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর মা ও শিশু হাসপাতালের কাছে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয় বলে যাত্রাবাড়ী থানার এএসআই গুলবদন সরকার জানান।
এর ঘণ্টাখানেক আগে যাত্রাবাড়ীর মীরপাড়ায় ট্রাকের ধাক্কায়
ফরিদা ইয়াসমীন (৩৩) নামে এক গৃহবধূ নিহত হন বলে ডেমরা থানার এক কর্মকর্তা জানিয়েছেন।
পুলিশ জানায়, শনির আখড়ার জাপানি বাজার এলাকার বাসা থেকে সাকিলা ইসরাত ঝুমুর (৩০) তার ছেলে হাসিব (৬) ও মেয়ে ঋতুকে (৯) নিয়ে রিকশায় করে শহীদনগরে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।
মা ও শিশু হাসপাতালের কাছে পৌঁছালে একটি পিকআপ ভ্যান পিছন থেকে তাদের ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
ঋতু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক এবং চালক এমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে এএসআই গুলবদন জানিয়েছেন।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে মীরপাড়া পেট্রোল পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় ফরিদা ইয়াসমীন নিহত হন বলে পুলিশ জানায়।
ডেমরা থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, সকালে স্বামী অপূর্ব হোসেনের মটর সাইকেলের পেছনে বসে বেরিয়েছিলেন ফরিদা।
মীরপাড়া এলাকার পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি জ্বালানি তেলবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক ফরিদাকে মৃত ঘোষণা করেন।
আহত অপূর্বকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
