মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লাইসেন্স দেয়ার দাবি রিকশাচালকদের

ডেস্ক রিপোর্ট ৫৮ বার পঠিত ৩ মিনিটের পাঠ

রিকশাচালকদের লাইসেন্স দেয়ার দাবি জানিয়েছে রিকশা মালিক সমিতি। রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘ঢাকা মহানগরীর রিকশা-ভ্যানচালকদের জীবনযাত্রা, অধিকার ও সামাজিক নিরাপত্তা’ শীর্ষক সম্মেলনে এ দাবি করেন সমিতির সদস্যরা। সম্মেলনে রিকশা শ্রমিকদের জন্য মানসম্মত থাকার জায়গা, স্যানিটেশন ও খাবার পানির ব্যবস্থা, নম্বর প্লেটের জন্য সিটি কর্পোরেশনের কাছে আবেদনের বিষয়ে দাবি জানানো হয়।

সম্মেলনটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। সম্মেলনে রিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম গিয়াস উদ্দিন বলেন, সিটি কর্পোরেশন থেকে চালকদের লাইসেন্স দেয়ার বিষয়ে অনীহা রয়েছে। রিকশাচালকদের আয়ের তুলনায় ব্যয় বেশি। মূলত ক্ষেতে-খামারে কাজ করা মজুররাই রিকশাচালক হিসেবে কাজ শুরু করেন। তারা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার হন। তাদের কোনও সংগঠন না থাকায় রিকশাচালকদের অভিযোগ পুলিশ গ্রহণ করে না। এমনকি রিকশাচালকরা নিহত হলে তাদের মরদেহ দাফনের জন্য পথচারীদের কাছ থেকে সাহায্য নিতে হয়। ঢাকা শহরে কতসংখ্যক রিকশা চলবে সিটি কর্পোরেশন থেকে তা নির্ধারণ করা উচিত।

বিলস’র সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বলেন, ঢাকা শহরে রিকশাচালকদের সংগঠিত করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলে আসছে। এ ক্ষেত্রে মালিক-শ্রমিকদের একত্রিত হওয়াটা আবশ্যক।

বাংলাদেশ রিকশা মালিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশীদ খান বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোর কোনও মালিক নেই। এই চালকরা থাকার জন্য কোনও জায়গা পায় না। রিকশা রাখার জন্য কোনও গ্যারেজও পায় না। এই রিকশাগুলোতে দুর্ঘটনাও বেশি হয়। রিকশা চালকদের লাইসেন্স না থাকায় চালকদের তুলনায় মালিককরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, রিকশাচালকদের জন্য ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে একটা অধ্যায় থাকলে ভালো হত। রিকশার ভাড়া নির্ধারণের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়নের মাধ্যমে ট্রেড ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রিকশাচালকদের আচরণগত বিধি, তাদের সুস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মামলা মোকাদ্দমা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন অবদান রাখতে পারে। এ ছাড়া আমি রিকশা চালকদের হেলথ কার্ড প্রদানের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্পের আওতায় আনার দাবি জানাই।

বিলস’র ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঞা’র সভাপতিত্বে সংগঠনটির যুগ্ম মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. জাফরুল হাসানের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।