মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আ’লীগ-বিএনপি ব্যাপক সংঘর্ষ, নিহত ১

প্রতিনিধি ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে এক যুবলীগের নেতা নিহত হয়েছেন। এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের নুরু পাটোয়ারীর হাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. হানিফ (২৪)। তিনি এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে নুরু পাটোয়ারীর হাট–সংলগ্ন একটি বাড়িতে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বৈঠকে বসেন। এ সময় একই এলাকার আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা নৌকার পক্ষে স্লোগান দিয়ে মিছিল বের করেন। মিছিলটি ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে মো. হানিফ গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এ ব্যাপারে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, নুরু পাটোয়ারীর হাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে যুবলীগের নেতা হানিফ গুলিবিদ্ধ হন। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সাথে লিটন নামে আরেক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।