আগামী বছর থেকে বাংলাদেশ নৌবাহিনীতেও নারী নাবিক

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আগামী বছর থেকে বাংলাদেশ নৌবাহিনীতেও নাবিক হিসেবে যোগ দিতে পারবেন নারীরা। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় সদস্য কাজী রোজীর এক প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রী জানান, নৌবাহিনীতে বর্তমানে নারী সদস্য ২৩৯ জন, তবে নাবিক বা সৈনিক নেই একজনও। এই বাহিনীতে পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে ৯৮ দশমিক ১৬ : ১ দশমিক ৮৪।
তিনি আরো জানান, সেনাবাহিনীতে কর্মরত নারী সদস্যের সংখ্যা ২ হাজার ৯৮৩ জন। এই বাহিনীতে পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে ৯০ দশমিক ৯৮ : ৯ দশমিক শূন্য দুই। বিমানবাহিনীতে কর্মরত নারী সদস্য হচ্ছেন ২৮৩ জন। এই বাহিনীতে পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে ৯৭ দশমিক ৪৩ : ২ দশমিক ৫৭।
এ ছাড়াও সৈয়দ আশরাফ জানান, সশস্ত্র বাহিনীতে নারী ও পুরুষের অনুপাতের সমতা আনতে সরকার বাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্তির পদক্ষেপ নিচ্ছে।