স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাসহ আটক ৪
যশোরের শার্শায় ২ পিচ স্বর্ণের বারসহ দুই পুলিশ কর্মকর্তাসহ ৪ জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার বিকালে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে তাদেরকে আটক করা হয়। এসময় পুলিশ একটি সাদা রংয়ের (যশোর-খ ১১-০১১৫) প্রাইভেট কার জব্দ করে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া থানার এএসআই ইছাহক ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজা ও তার ছেলে আশিক রেজা ও স্বর্ণ পাচার কারী মানিকগঞ্জের দক্ষিনধর এলাকার দুদু মিয়ার ছেলে অসিম (৩২) ।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শেখ তাসমিম আলম সাংবাদিকদের জানান, “দুপুর ২টার দিকে নাভারন সাতক্ষীরা মোড়ে থানার এসআই আনোয়ারুল আজিম ডিউটিরত অবস্থায় থাকাকালে দেখতে পাই মোড়ে দুইজন লোক একজনকে জোরপূর্বক ধরে টানা-টানি করছে। দ্রুত সেখানে ছুটে যেয়ে বিষয়টি জানতে চায়। ”
“এসময় উক্ত দুইজন পুলিশ পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে তাদেরকে আটক করে তল্লাশী করলে অসিম নামে উক্ত ব্যক্তির কাছ থেকে ২পিচ স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাদের প্রাইভেট কারসহ আটক করে শার্শা থানায় নিয়ে আসা হয়।”
জানা যায় ধৃত দুই এএসআই স্বর্ণ পাচার কারী অসিম এর কাছে থাকা ২ পিচ স্বর্ণের বার পূর্ব পরিকল্পনা মোতাবেক ছিনতাই পূর্বক আত্মসাত করার চেষ্টা করে। আটককৃত ব্যক্তিদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।