‘সরকারি কর্মকর্তারা দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা’
‘মাদক, সন্ত্রাসী ও দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রায় ১২৩ ভাগ বেতন-ভাতা বাড়ানো হয়েছে। তাদের দুর্নীতি করার কোনো সুযোগ নেই। কেউ যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিটি হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, মুক্তযুদ্ধের স্মৃতি বিজড়িত জেলা হিসেবে পরিচিত মেহেরপুরের মুজিবনগর। এখানেই শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। সেই সরকারের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। এ জেলার একজন মানুষ হয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে তিনি গর্বিত।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্যে কাজ করছে সরকার।
এর আগে বিকেলে ঢাকা থেকে মেহেরপুরে পৌঁছান মন্ত্রী। জেলার শেষ সীমান্ত মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন দরবেশপুর মোড়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ মানুষ। পরে তিনি পৌর কবরস্থানে বাবা ছহী উদ্দীন ও মা ফজিলাতুন্নেছার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।