মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

এবিএস রনি ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

যশোরে ছুরিকাঘাতে মামুন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত মামুন শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে। এ ঘটনায় আরিফ (২৫) ও শেফালী বেগম (৫০) নামে দু’জন গুরুতর আহত হন।  শনিবার সন্ধ্যায় যশোর শহরতলী শেখহাটি জোড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।  আহত শেফালী শেখহাটি জামরুলতলা এলাকার হারুণ শেখের স্ত্রী। আরিফ পুরাতন কসবা ঢাকা রোড ব্রিজের পশ্চিমপাড়ার বজলু খলিফার ছেলে। 

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় যশোর শহরের কাজীপাড়া এলাকার বাপ্পা নামে এক যুবক তার বান্ধবীকে নিয়ে শেখহাটি জোড়াপুকুর এলাকায় যায়। তখন শেখহাটি এলাকার সাগর, হৃদয় ও ফয়সলসহ কয়েকজন তাদের পাকড়াও করে। বিষয়টি বাপ্পা তার বন্ধুদের মোবাইলফোনে জানায়। তার বন্ধুরা ঘটনাস্থলে এসে সাগরকে মারতে গেলে তার মা শেফালী বেগম ঠেকাতে যান এবং ছুরিকাহত হন। এরপর সাগর গ্রুপ প্রতিপক্ষ মামুন ও আরিফকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পথেই মামুন মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই মামুনের মৃত্যু হয়েছে। আহত শেফালি ও আরিফের আবস্থা আশঙ্কাজনক। 

কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, খবর শুনে হাসপাতালে এসেছি। শুনেছি মেয়েলি ঘটনা ও পূর্ব শত্রুতার কারণে মামুন খুন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।