হত্যার বিচারের দাবিতে শাজাহান খানের বাড়ির সামনে মানববন্ধন
মোঃ নুরুজ্জামান শিকদার (রাজু) ।। মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাহেবালী মাতুব্বর (৫৫) হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনীদের ফাঁসির দাবীতে উত্তাল মাদারীপুর।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার নারী-পুরুষ মিলে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা সাহেবালী মাতুব্বরকে গত বুধবার কতিপয় দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে তার উপরে হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে গুরুতরভাবে জখম করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে সাহেবালীর অবস্থার অবনতি হলে ঐদিন দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল শেষে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক নৌ মন্ত্রী শাজাহান খানের বাসভবনের সামনে মাদারীপুর-শরীয়তপুর প্রধান সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করে। খবর পেয়ে মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার আসামীদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে প্রায় দুইঘন্টা পরে মানববন্ধন শেষে তারা অবস্থান ত্যাগ করে। মানববন্ধন চলাকালে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ভাই জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান উপস্থিত হয়ে হত্যাকান্ডের ব্যপারে সকল প্রকার আইনগত সহযোগিতার আশ্বাস দেন।
মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বলেন, হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার সকালে সাহেবালী মাতুব্বরের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে প্রধান আসামী করে ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।