সেই ফায়ারম্যান সোহেলকে নেওয়া হলো সিঙ্গাপুর
রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুন নেভানোর সময় আহত ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
শুক্রবার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৬ টার দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসে। পরে তাকে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা করা হবে। এর আগে সোহেল সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।’
উল্লেখ্য, ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডার (মই) দিয়ে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন। এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুক ল্যাডারের সঙ্গে আটকে যায়। এ সময় মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলে থাকেন তিনি এবং তার একটি পা ভেঙে যায়।