আমতলীর লোদা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজটি ঝুকিপূর্ন
আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লোদা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন লোদা খালের উপর নির্মিত আয়রণ ব্রীজের স্লিপার ভেঙ্গে যাওয়ায় লোদা কাউনিয়া গ্রামের প্রায় ১০ মানুষ ভোগান্তিতে পড়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ব্রীজ পার হয়ে স্কুলে যাওয়ায় যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে ।
সরেজমিনে দেখা গেছে, ব্রীজের মাঝখানে এবং দক্ষিন পাশের স্লিপার ভেঙ্গে গেছে। রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ না নেয়ায় লোহার অ্যাঙ্গেল, হাতল ও খুঁটি মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। লোদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষাথীসহ লোদা ও কাউনিয়া গ্রামের দুই পারের প্রায় ১০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে ।
জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে এলজিইডি’র আওতায় হালকা যান চলাচল প্রকল্পের অধীনে সেতুটি নির্মাণ করা হয়। প্রকল্পটি ২০০৫ সাল পর্যন্ত কার্যকর ছিল। এরপর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় সেতুটির রক্ষণাবেক্ষণ এবং মেরামতে আর কোনো উদ্যোগ নেয়া হয়নি।
স্কুলের প্রধান শিক্ষক শাজাহান হাওলাদার বলেন, ব্রীজটি মেরামত না হলে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। তিনি জরুরী ভিত্তিতে ব্রীজটি মেরামতের দাবী জানান।
এলজিইডি আমতলী উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, গার্ডার ব্রিজ নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।