বারহাট্টায় ধর্মীয় চরমপন্থা প্রতিরোধে ‘সমতার লড়াই’ পথনাটক ও লোক সংগীত অনুষ্ঠিত
আজ (২৭ এপ্রিল) শনিবার দুপুর ৩টায় নেত্রকোণার বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর আয়োজনে ও ইউনাইটেড নেশনস ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ) এর সহযোগিতায় অসাম্প্রদায়িকতা, শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক এক পথ নাটক ও লোক সংগীত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পূর্ব আলোচনা পর্বে বারহাট্টা বিএনপিএস’র উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারহাট্টা বিএনপিএস’র কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার সুমিত বণিক। ‘সমতার লড়াই’ শীর্ষক পথ নাটকটি পরিবেশনায় ছিলেন নেত্রকোণার খুঞ্জুরী সংগীত ও নাটক দল। নাট্য নির্দেশনায় ছিলেন আবুল বাশার তালুকদার।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বাংলাদেশের অনেক অর্জন ইতোমধ্যে দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। কিন্তু এতকিছুর পরও সামগ্রিকভাবে নারীমুক্তির পথে বাংলাদেশকে আরো বহুদূর হাটতে হবে। কারণ ধর্মীয় আর সহিংস চরমপন্থা, বৈচিত্রময়তা আর পরমসহিষ্ণুতার অভাবে প্রায়শই বাঁধাগ্রস্থ হচ্ছে আমাদের কাঙ্খিত উন্নয়নযাত্রা। আর এই বাঁধা অতিক্রম করে সহিংস চরমপন্থার বিপরীতে শান্তি, সম্প্রীতি, পরমসহিষ্ণুতা এবং বৈচিত্র্যময় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বস্থরে সচেতনতা ও জ্ঞান বৃদ্ধির মাধ্যমে ধর্মীয় চরমপন্থা প্রতিরোধে সকলকে সোচ্চার ও এগিয়ে আসার বিকল্প নেই।
গানের সুরে-বাণীতে ও অভিনয়ের মাধ্যমে শিল্পীরা অসৎ সমাজপতি ও ধর্মীয় নেতাদের দুরভিসন্ধি এবং জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থানের ফলে সাধারণ মানুষের জীবনে যে দুর্ভোগ নেমে আসে তা নাটকের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। অনুষ্ঠানটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপিএস’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার সহ প্রায় ৩ শতাধিক মানুষ উপভোগ করে।