ইতিহাসের প্রয়োজনে আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করা প্রয়োজন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। ইতিহাসের প্রয়োজনে আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করা প্রয়োজন।
মহান বিজয় দিবস উপলক্ষে সামরিক জাদুঘরে স্থির ও ভিডিও চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন।
রাজধানীর বিজয় সরণী সংলগ্ন সামরিক জাদুঘরে বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্বলিত এই প্রদর্শনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরারসহ সামরিক ও অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে পাকিস্তান যে আচরণ করছে তা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে নিন্দা জানানো হয়েছে ।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী এখনো বাংলাদেশের প্রতি অনুগত নয়। তারা এখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি বলেন, আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে এবং তা অব্যাহত থাকবে।
আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন পর্যন্ত মোট ১২০ স্থির ও ভিডিও চিত্র প্রদর্শিত হচ্ছে।