রাজশাহীতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
হেরোইন রাখার দায়ে রাজশাহীতে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম শরিফুল ইসলাম (৪৮)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর বয়ারমারী গ্রামে। তার বাবার নাম নিয়াজ উদ্দিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও আসামি শরিফুলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ মে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোদাগাড়ীর সিএন্ডবি মোড়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যাবসায়ী শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। সাক্ষ-প্রমানের ভিত্তিতে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করলেন আদালত।