চাঞ্চল্যকর রিফাত হত্যা : ৩ আসামি রিমান্ডে
বরগুনা শহরে চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিকেলে আদালতের বিচারক আসামি মোহাম্মদ রাসেল চন্দন ও হাসানের সাত দিনের এবং নাজমুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার সকালে নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন। রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ৪নং আসামি চন্দন, ৯নং আসামি হাসান ও ভিডিও ফুটেজ দেখে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা শহরের কলেজ সড়কে বুধবার সকালে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে এলোপাথাড়ি কোপায় সন্ত্রাসীরা। স্ত্রী বাধা দিয়েও সন্ত্রাসীদের হাত থেকে তাকে রক্ষা করতে পারেনি।
হামলার পর রিফাত শরীফকে (২৫) গুরুতর অবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাকাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে ৩টার দিকে শরীফের মৃত্যু হয়।
রিফাত শরীফের বাড়ি বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামে। তার বাবার নাম আব্দুল হালিম দুলাল শরীফ। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন রিফাত।