বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। কেননা সামরিক স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে তাদের জন্মই হয়েছে সেনা ছাউনীতে ।
তিনি বলেন, সামরিক ছাউনীতে যাদের জন্ম তারা গণতন্ত্রের সংজ্ঞা নতুন করে শেখানোর চেষ্টা করলে তা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
হানিফ আজ জেলা শহরের চৌড়হাস মোড়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত মুক্তি মিত্র স্মৃতিসৌধের উদ্ধোধন কালে এ কথা বলেন।
হানিফ বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সাথে পাক হানাদার বাহিনীর সম্মুখযুদ্ধে তিন শতাধিক মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর বীরযোদ্ধা শহীদ হন।
সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত “মুক্তি মিত্র স্মৃতিসৌধ” উদ্বোধন করেন ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্ণর শ্রী তথাগত রায়।
এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
তথাগত রায় বলেন, যে অসাধারণ লড়াই করে আপনারা স্বাধীনতা পেয়েছেন এবং যে লড়াইতে ভারতীয় সেনাবাহিনী আপনাদের সাহায্য দিতে পেরেছে সে জন্য আমরা গর্বিত।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষনে আমাদের সহযোগিতার হাত সবসময় খোলা থাকবে।
আ.ক.ম মোজাম্মেল হক বলেন, আমরা বীরঙ্গনাদের তালিকা প্রকাশ করেছি। আগামী জুন মাস পর্যন্ত এ তালিকা প্রকাশিত হবে। তারপরও যদি কেউ বাদ পরে তাদের নাম তালিকায় নেওয়া হবে।
তিনি বলেন, এই প্রথম যেহেতু বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধার তালিকায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে তাই ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। ভবিষ্যতে সকল ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে এটাকে গেজেট আকারে প্রকাশ করা হবে।
তিনি এ বিষয়ে আরো বলেন, অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরঙ্গনাদের হাতে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তুলে দেবেন। এছাড়াও গত জুলাই মাস থেকে সকল বকেয়া ভাতা তারা পাবেন।
এ ছাড়াও অনুষ্ঠানে আব্দুর রউফ এমপি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হাকিম সরকার, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফরসহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।