মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিচার বিভাগ আছে কিন্তু স্বাধীনতা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

moudud
বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেছেন, বাংলাদেশে সবকিছুই আছে, আবার কোনো কিছুই নেই। বিচার বিভাগ আছে। কিন্তু স্বাধীনতা কতটুকু আছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে এ আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি।
অনষ্ঠানে প্রধান আলোচক হিসাবে দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন বলেন, আমাদের দেশের মানবাধিকার কমিশন বলেছে শতকরা ৭৭ ভাগ মানবাধিকার লঙ্ঘিত হয় পুলিশ দিয়ে। যারা আমাদের রক্ষা করে তাদের এ অবস্থা। এ অবস্থার অবসান চাইলে অশ্রু বিসর্জন না করে রাজপথে নামতে হবে।
মির্জা ফখরুল বলেন, সারাদেশে অসংখ্য নেতাকর্মী গুম, অনেকেই পঙ্গু। পুলিশ ধরে নিয়ে তাদের পঙ্গু বানিয়েছে। ক্রসফায়ারে যে কত মানুষ নিহত হয়েছে ইতোমধ্যে তা প্রকাশিত হয়েছে। সরকার একদিকে মানবাধিকারের কথা বলছে, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং ২০১৩ সাল থেকে গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের স্বজনরা।