১০ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৪
সড়ক দুর্ঘটনায় দেশের ১০ জেলায় ২৪ জন নিহত হয়েছেন। অনেক মানুষ আহত হয়েছে। বৃহস্পতিবার সারাদেশে বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের কোনাবাড়িতে ৪টি বাসের সংঘর্ষে নিহত ৩ আহত হয়েছে অন্তত ৫০ জন। পুলিশ ও চিকিৎসকদের আশংকা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস বাহিনী ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ফাইভ স্টার বাস কোনাবাড়ি পৌঁছুলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে। পরে দুদিক থেকেই দ্রুতগতিতে চলা পেছনে থাকা বাসগুলো এদেরকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন। আহত হয় অন্তত ৫০জন।
বাসের যাত্রীরা জানান, ফাইভ স্টার বাসের চালকের ভুলের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চলছে। চিকিৎসাধীন যাত্রীদের অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত ও চারজন আহত হন। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে আচমিতা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, কিশোরগঞ্জের চামড়াবন্দর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ভৈরব যাচ্ছিল। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে ভিটিপাড়া এলাকায় পৌঁছলে আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ সাত যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে চারজনকে কটিয়াদী ও তিনজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহতফেনী প্রতিনিধি জানান, কক্সবাজার যাওয়ার পথে ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সাতজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে তিব্বতিয়া কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানান, বুধবার রাতে নারায়ণগঞ্জের আদমজি থেকে কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে প্রাইম প্লাস পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৫৭৮) যাত্রী নিয়ে রাত আড়াইটার দিকে রাজধানীর মিরপুরে যায়। সেখান থেকে আরও কয়েকজনকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং ঢাকায় নেয়ার পথে আরও একজন মারা যান।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, বরিশাল থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা তুহিন পরিবহন (রাজ-মেট্রো-ব-১১-০০৩২) ভাঙ্গা বিশ্বরোড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা রাজু এন্টারপ্রাইজের (কুমিল্লা জ-০৪-০০৩২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজু এন্টারপ্রাইজের চালক রওশন ফকির ও এক যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৫০ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যানের চাপায় ইসতিয়াক আহমেদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইসতিয়াক আহমেদ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাকিল আজাদের ছেলে। তিনি সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
সখীপুর থানা পুলিশের ওসি আমির হোসেন জানান, সকালে ইসতিয়াক আহমেদ মোটরসাইকেলে সখীপুর থেকে নলুয়া যাওয়ার সময় বোয়ালী উত্তরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় তুহিন মোল্লা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাথী বেগম (২৫)।
দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তুহিন সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে।
কাশিয়ানী থানা পুলিশের এসআই প্রকাশ সরকার জানান, কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে তুহিন তার স্ত্রী সাথীকে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে গোপালপুর এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তুহিন নিহত এবং তার স্ত্রী গুরুতর আহত হন।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের ফুলপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার টার দিকে উপজেলার ইমাদপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান। নিহত সিরাজ উদ্দিন (৪৫) শেরপুরের বাসিন্দা। শিশু জায়েদের (৬) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি ইমারত বলেন, ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়।
পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সিরাজ উদ্দিন নামে আরও একজনের মৃত্যু হয় বলে জানান ওসি ইমারত।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের ঈদগাঁও-ইসলামাবাদ শাহ ফকির বাজার এলাকায় যাত্রীবাহী হানিফ বাসের চাপায় একবৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইক (টমটম) চালকসহ আরও একব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহত মোহাম্মদ কালু (৬২) কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করেছে ঈদগাঁও পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি-তদন্ত) মো. আছাদুজ্জামান জানান, নিহত কালুসহ আরও একব্যক্তি ঈদগাঁও বাজারে যেতে ইজিবাইক (টমটমে) উঠেছিল। এ সময় কক্সবাজারমুখী হানিফ পরিবহনের বাসটি (ঢাকামেট্রো-ব-১১-১২৪৭) টমটমে উঠতে যাওয়া কালুকে ধাক্কা দিলে টমটমসহ তিনি উল্টে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং টমটম চালকসহ অপর যাত্রী গুরুতর আহত হন।
তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। আর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোলা: সকালে ভোলায় মাহিন্দ্রচাপায় পারভেজ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পারভেজ ভোলা-ইলিশা সড়ক এলাকার বাসিন্দা সাহাবুদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রেন ইনচার্জ রতন কুমার শীল জানান, সকাল ভোলা-ইলিশা সড়কে ভোলাগামী একটি মাহিন্দ্র ব্যারিস্টার কাচারি এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই শিশু পারভেজের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাহিন্দ্রসহ চালক ফিরোজকে আটক করেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ইনচার্জ রতন।
বরিশাল: দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসচাপায় আবুল হাসানাত রাসেল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস জানান, দুপুরে উপজেলার নতুনহাট এলাকায় একটি বাস ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
ময়নাতদন্তের জন্য রাসেলের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি দিবাকর।