যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি তাদের মন্ত্রী বানানোর বিচারও হবে: প্রধানমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি তাদের যারা মদদ দিয়েছেন এবং মন্ত্রী বানিয়েছেন তাদেরও বিচারের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার আওয়ামী লীগের আলোচনা সভায় শেখ হাসিনা বলেন,“যুদ্ধাপরাধীদের বিচার যখন হয়েছে, সেই বিচারে, সেই যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে। খালেদা জিয়া জাতির কাছে কী জবাব দেবে? কী জবাব দেবে?
“যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া, তাদের সম্মান দেওয়া, এটা তো বাংলাদেশের মানুষের ভুলে গেলে চলবে না। এটা বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে। এর বিচারও একদিন ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে। এর বিচারও একদিন হবে। কারণ আমার হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে।”
যুদ্ধাপরাধের দায়ে গত ২২ নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চারদলীয় জোট সরকারে খালেদা জিয়া নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ছিলেন একাত্তরের বদর কমান্ডার মুজাহিদ। সে সময় সালাউদ্দিন কাদেরকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা করেছিলেন খালেদা জিয়া।
যুদ্ধাপরাধে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক জামায়াত নেতা মতিউর রহমান নিজামীও খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন।
