মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শিশু তুহিনের হত্যাকারী বাবা-চাচা-ভাই :পুলিশ

প্রতিনিধি ৬৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সন্তান তুহিনকে জবাই করে হত্যা করেছেন পাষণ্ড পিতা আব্দুল বাছির, তার তিন ভাই ও ভাতিজা। এ ঘটনায় নিহতের বাবা, চার চাচা ও এক চাচাত ভাইকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সন্ধ‌্যায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান এ কথা জানান।

পুলিশ সুপার বলেন, ‘দিরাইয়ের রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের পাঁচ বছরের শিশু তুহিনকে নির্মমভাবে গলা, কান ও লিঙ্গ কেটে হত্যা করা হয়েছে। তার পেটে দু’টি ছুরি বিদ্ধ করে বাড়ির পাশে কদম গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। প্রতিপক্ষকে ফাঁসাতেই এমনটি করেছে শিশুটির নিজের বাবা-চাচারা। পুরো বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে নিয়েছি। ’

তিনি আরো বলেন, ‘প্রাথমিক সন্দেহের ভিত্তিতে নিহতের বাবা-চাচাসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন‌্য থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা খুনের ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় তুহিনের চাচা নাসির ও চাচাত ভাই শাহরিয়ার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিজের সন্তান ছাড়াও ছেলেটির বাবা আব্দুল বাছির অপর একটি হত‌্যা মামলার আসামি।’

পুলিশ সুপার বলেন, ‘তুহিন হত্যার ঘটনা তদন্তে আমাদের মাননীয় আইসিপি স্যার এবং সিলেট অঞ্চলের ডিআইজি স্যার সার্বক্ষণিক মনিটরিং করছেন। আমরা মামলার প্রকৃত রহস্য উদঘাটন করেছি। কারা মেরেছে, কেন মেরেছে, কীভাবে মেরেছে পুরো বিষয়টি আমরা জেনেছি। শিগগিরই মামলাটির পুলিশ রিপোর্ট আদালতে দাখিল করে আসামিদের আইনের আওতায় আনা হবে।’