সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই অটোযাত্রী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার সরাই হাজিপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে শিউলী খাতুন ও লক্ষ্মীবিষু প্রসাদ খালিফাপাড়ার আবেদ আলী প্রামাণিকের ছেলে জেল হোসেন।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব জানান, যাত্রীবাহী একটি অটোভ্যান কামারপাড়া ব্রিজ এলাকা থেকে থানা রোডের দিকে যাচ্ছিল। এ সময় বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাক ও অটোভ্যান খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান শিউলি খাতুন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চার ভ্যানযাত্রীকে উদ্ধার করে। এদের মধ্যে জেল হোসেন ও সাহেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেল হোসেন মারা যান।