মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কেরানীগঞ্জে মেয়ের প্রেমিককে খুন করলেন বাবা

প্রতিনিধি ১১৩ বার পঠিত ৩ মিনিটের পাঠ

কেরানীগঞ্জে হত্যার দেড় মাস পর খুনের রহস্য উদ্‌ঘাটন করেছে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ি।

কলাতিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এস আই চুন্নু জানান, ৭ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়। নিষেধ করার পরও মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ায় প্রেমিককে খুন করে কামাল।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানাধীন ছানারঘাট সংলগ্ন চর চামারদহ এলাকায় ট্রলারডুবিতে মো. রবিন (২২) নামে এক যুবক মারা যায়। এ ঘটনার একদিন পরে রবিনের বাবা মোস্তফা শিকদার একটি অপমৃত্যু দায়ের করেন।

এস আই চুন্নু জানান, ঘটনার এক মাস পর ৯ অক্টোবর মামলার তদন্ত ভার আমার ওপর এসে পড়ে। তদন্তের প্রাথমিক অবস্থায় ঘটনার সময় উপস্থিত বিপ্লব (৩০) ও মিরাজকে (২০) গ্রেপ্তার করি। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ৬ সেপ্টেম্বর ২০১৯ নিহত রবিন, কামাল (৫০), আদিল, বিপ্লব (৩০), মিরাজ (২০) ও অহিদ দুটি ট্রলার নিয়ে মানিকগঞ্জের সিংগায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে যায়। নৌকাবাইচ দেখে ফিরে আশার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা রবিনকে হত্যা করে।

গ্রেপ্তার বিপ্লব ও মিরাজের বরাত দিয়ে পুলিশ জানায়, কামালের মেয়ের সঙ্গে রবিনের প্রেমের সম্পর্ক ছিলে, যা কামালের পছন্দ হতো না। কয়েকবার নিষেধ করেও রবিনকে  মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে দূরে রাখতে পারেনি কামাল। এ জন্য কামালের মনে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাকে মারার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী নৌকাবাইচ দেখে ফিরে আসার সময় রবিনকে তারা চারজন মিলে নির্যাতন করে এবং ট্রলার নোঙর করার লোহার রড দিয়ে রবিনের বুকে আঘাত করে। এতে রবিন মারা যায়। পরে ট্রলার ডুবে রবিন মারা গেছে বলে সবাইকে জানায়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, রবিন হত্যায় বিপ্লব ও মিরাজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তাদের দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মূল আসামি কামালকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বাকি দুই আসামি আদিল ও ওহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।