ঘুষের টাকাসহ ভূমির সহকারী কর্মকর্তা হাতেনাতে গ্রেপ্তার
ঘুষের টাকাসহ চট্টগ্রামের বাঁশখালীর ভূমি অফিসের এক সহকারী কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেপ্তার নুরুল আলম সিদ্দিকীর কাছ থেকে ঘুষের ১৫ হাজার টাকাসহ মোট ৬২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে দশ সদস্যের দুদকের একটি টিম গ্রেপ্তার অভিযানে অংশ নেয়।
দুদক জানায়, অভিযোগকারী এক ব্যক্তির কাছ থেকে জমির নামজারী করতে নেওয়া ঘুষের ১৫ হাজার টাকাসহ নুরুল আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। পরে তার অফিসের ড্রয়ার তল্লাশী করে পাওয়া যায় আরও ৪৭ হাজার ৭৭০ টাকা।
পরবর্তীতে দুদকের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। দণ্ডবিধি ১৬১ ধারা ও দুদক আইনের ৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়।