মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো ২২ জন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়ার ইমামপুর ষোলআনি গ্রামের শাহ আলম মেম্বার ও রায়হান এবং সবুজ দেওয়ান গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর ও ককটল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক ও নয়টি ককটেল উদ্ধার করেছে।
গুলিবিদ্ধরা হলেন- আহসান বেপারী, শহীদ বেপারী, জাহিদ হাসান রুকু দেওয়ান, শাহ পরান ও আবু তাহের। এদের মধ্যে গুরুতর আহত আহসান বেপারী ও শহীদ বেপারীকে হাসপাতালে নেয়া হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, আগের বিরোধের জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলম মেম্বার ও রায়হান এবং সবুজ দেওয়ান গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় বেশকিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পথচারী হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া, বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানায় মামলা করা হয়েছে।