নেত্রকোণায় অটো চোর চক্রের ৪ সদস্য আটক
নেত্রকোণায় আন্তঃজেলা অটো চোর চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় কিশোরগঞ্জ জেলা সদর থেকে কৌশলে চুরি করে নিয়ে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- ঝোটন চন্দ্র দাস (২৭), পল্লাদ চন্দ্র সরকার (২৯), মো. সাদ্দাম মিয়া (২৩) ও মো. মামুন (২৫)। তাদের মধ্যে ঝোটন চন্দ্র দাস নেত্রকোণা জেলার আটপাড়ার হরিপুর তৈলিগাঁও গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে, পল্লাদ চন্দ্র সরকার কেন্দুয়ার আইতর মিস্ত্রীপাড়ার মৃত নিকিল চন্দ্র সরকারের ছেলে, মো. সাদ্দাম মিয়া আটপাড়ার টাংগা গ্রামের মো. হাকিমের ছেলে এবং মো. মামুন টাংগা গ্রামেরই মো. সবুরের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের রথখলা এলাকা থেকে কৌশলে চোর চক্রের সদস্যরা কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব বীরদামপাড়া গ্রামের মামুন মিয়ার ব্যাটারিচালিত অটোরিক্সাটি চুরি করে নিয়ে যায়। পরে চোরচক্রের সদস্যরা মামুনকে ফোন করে অটোরিক্সাটি ফেরত দেয়ার বিনিময়ে ৪০ হাজার টাকা দাবি করে।
বিষয়টি র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে জানানোর পর র্যাব তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চোরচক্রের সদস্যদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেত্রকোণা জেলার আটপাড়ার তেলীঘাটি বাজারে র্যাব অভিযান পরিচালনা করে।
অভিযানে চোর চক্রের চার সদস্য ঝোটন চন্দ্র দাস, পল্লাদ চন্দ্র সরকার, মো. সাদ্দাম মিয়া ও মো. মামুনকে আটক করে তাদের কাছ থেকে চোরাই অটোরিক্সাটি উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় চুরি হওয়া অটোরিক্সার মালিক মামুন মিয়া বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।