ডেমরায় ভাইয়ের হাতে ভাই খুন
রাজধানীর ডেমরায় পূর্ব বক্সনগর এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হোসেন বক্স (১৯)। বড় ভাইয়ের নাম হাসান বক্স (২৮)। তাদের বাবার নাম আলী বক্স। চার ভাই ও তিন বোনের মধ্যে হোসেন চতুর্থ। তিনি একটি মাছের খামারে কাজ করতেন। হাসান মাদকাসক্ত বলে জানা গেছে।
জানা জায়, ছোট ভাই হোসেন বক্স পছন্দ করতেন একটি মেয়েকে। তাকে প্রেমের প্রস্তাবও পাঠান। কিন্তু পরিবারের লোকজন তার বিয়ে ঠিক করেছেন অন্যত্র। তাই ফিরিয়ে দেয় সে প্রস্তাব। কিন্তু হোসেন নাছোড়বান্ধা।
একপর্যায়ে মেয়েটির পরিবারের লোকজন নালিশ করেন হোসেনের বড় ভাই হাসানকে। হাসান বকাবকি করেন ছোট ভাইকে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো ছুরি বুকে বসিয়ে দিয়ে হত্যা করে ছোট ভাইকে।
নিহতের বড় বোন মঞ্জু বলেন, রোববার সন্ধায় হঠাৎ বাড়িসংলগ্ন দোকানের সামনে জনসমক্ষে হাসান বক্স ও হোসেন বক্সের মধ্যে মেয়েটির বিষয়ে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে বড় ভাই মাদকাসক্ত হাসান একটি ছুরি এনে ছোট ভাই হোসেনের বুকের বাম দিকে আঘাত করেন। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হোসেনের বুকে ছুরিকাঘাতে জখম করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাকিবুল হাসান বলেন, মর্মান্তিক এ ঘটনার পরই খুনি দ্রুত পালিয়ে যান। তবে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।