ক্ষমতা চিরস্থায়ী নয় : ওবায়দুল কাদের
আওয়ামী লীগে সেশনজট হয়ে গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন ছাত্রলীগের অনেক নেতা বসে আছে। তাদের মধ্য থেকে ক্লিন ইমেজ এবং ফ্রেশ মুখদের দলে জায়গা করে দিতে হবে। দলের মধ্য থেকে দূষিত রক্ত বের করে দিয়ে শুদ্ধ রক্ত রাখতে হবে।
তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, সেদিকে খেয়াল রাখুন। বসন্তের কোকিলদের দলে ঠাঁই দেবেন না। ক্ষমতা থেকে চলে গেলে তাদের কুপি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। বসন্তের কোকিল, সুবিধাবাদী, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের না বলুন। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ শুদ্ধি অভিযানকে সমর্থন করুন।
মঙ্গলবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
চলমান শুদ্ধি অভিযানে নতুনদের আওয়ামী লীগের প্রতি মুখ ফিরিয়ে না নেওয়ার অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, আপনাদেরকে আমন্ত্রণ করেছি- আওয়ামী লীগের দরজা শিক্ষিত, ক্লিন ইমেজ ও ভালো লোকদের জন্য খোলা রয়েছে। আওয়ামী লীগে শেখ হাসিনা যতদিন আছেন, এই দেশ উন্নত হবে। রংপুরে উন্নয়ন হবে। দেশে সমৃদ্ধি আসবে।
রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্দে, রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
এছাড়া রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু ও মহানগরের সভাপতি সাফিয়ার রহমান সফি বক্তব্য দেন। সম্মেলনে আলোচনা পর্বে সঞ্চালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল।