রাজশাহীতে এক লাইনে দুই ট্রেন
ভুল সিগনালের কারণে রাজশাহীর আড়ানী স্টেশনে এক লাইনে উঠে পড়েছিলো দুটি ট্রেন। চালকের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেন দুটির হাজারো যাত্রী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১টার দিকে রাজশাহী আড়ানী রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটে।
রেল সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জগামী ৬ ডাউন মেইল ট্রেন আগে থেকে অবস্থান করছিলো আড়ানী স্টেশনের এক নম্বর লাইনে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিও একই লাইনে ঢুকে পড়ে। তবে গতি কম থাকায় মেইল ট্রেনটির মুখোমুখি প্রায় ৩০ ফুট দূরে চালক কপোতাক্ষ এক্সপ্রেসকে থামিয়ে দেন।
এতে ঘটনায় ট্রেন দুটির যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে চালকের দক্ষতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আরোহীরা।
রেলওয়ে পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মোহাম্মদ আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, মেইল ট্রেন আগে থেকে অবস্থান করছিলো এ নম্বর লাইনে। ওই লাইনে ঢুকে পড়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি।
‘পয়েন্টসম্যান দুই নম্বর লাইন ক্লিয়ার না দিয়ে এক নম্বর লাইনে কপোতাক্ষ এক্সপ্রেসকে ক্লিয়ার দিয়েছিলেন। আর এতেই মুখোমুখি চলে আসে ট্রেন দুটি। তবে গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি।’
তিনি আরোও বলেন, ‘ঘটনা তদন্তে তিন সদ্যসের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবাহানকে। তদন্ত প্রতিবেদন পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত এবং বহু সংখ্যক মানুষ হতাহত হন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিলো আড়ানীতেও। তবে এবার তা অল্পের জন্য রক্ষা পেলো ট্রেন চালকের দক্ষতার কারণে।