সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে : ফখরুল
আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কৃষিবিদ জাবেদ ইকবাল স্মরণে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় ফখরুল বলেন, ‘এটার (সরকার) ঘণ্টা বেজেছে। সেদিন আমাদের খন্দকার মোশাররফ হোসেন সাহেব বলেছেন, ইডেনে উনি (শেখ হাসিনা) ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেছেন ক্রিকেট খেলা, তাদেরও (সরকার) ঘণ্টা বাজছে আর কী। ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে।’
নানা ক্ষেত্রে ব্যর্থতাই সরকারের পতন ডেকে আনছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘সরকারের সময় ফুরিয়ে এসেছে। ক্ষমতাসীনরা বিএনপি জুজুতে ভুগছে।’ এ সময় দল-মত নির্বিশেষে সবাইকে সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
হলি আটিজান মামলার রায় প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া নেই- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য সঠিক নয় বলেও সভায় দাবি করেন ফখরুল। তিনি বলেন, কথা বলার অধিকার ও গণতন্ত্রের বিকাশ না ঘটলে জঙ্গিবাদের আবির্ভাব হয়।
এগ্রিচালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সদ্য প্রয়াত সভাপতি কৃষিবিদ জাবেদ ইকবালের স্মরণে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক রাশীদুল হাসান হারুন, সদস্য সচিব জি কে এম মোস্তাফিজুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রয়াত জাবেদ ইকবালের বোন ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, কৃষিবিদ ইব্ররাহিম খলিল, অধ্যাপক আবদুল হান্নান, অধ্যাপক রফিকুল ইসলাম, শামীমুর রহমান শামীম, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ।