খেলতে বাধা দেওয়ায় কয়েক নারীর বিরুদ্ধে থানায় শিশুর অভিযোগ
মাঠে খেলতে বাধা দেওয়ায় কয়েক নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে আবদুল কাদেরি নামে এক শিশু। সে নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং সদর ইউনিয়নের ঘিওন গ্রামের আবদুল কাদেরের ছেলে। তার অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে মাঠে খেলতে যায় কাদেরিসহ তার বন্ধুরা। এ সময় পাশের মহল্লার মমতাজ বেগম ও মাসুদা বেগম নামে দুই গৃহকর্মী তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মাঠ থেকে বের করে দেয়।
বিষয়টি মেনে নিতে পারেনি কাদেরি। সঙ্গে সঙ্গে ছুটে যায় নাচোল থানা পুলিশের কাছে। সেখানে দায়িত্বরত ওসি (তদন্ত) মাহবুবুর রহমানকে তার অভিযোগটি শোনায়। এ সময় কাদেরি অঝোরে কাঁদতে থাকে। ওসি ঘটনাটি বিস্তারিত শুনে ডেকে পাঠান ওই দুই নারীকে। পরে দুপক্ষের কথা শুনে সমস্যার সমাধান করে দেন। এতে খুশি হয়ে বাড়ি ফিরে যায় অভিযোগকারী কাদেরি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এত ছোট একটি শিশু থানায় অভিযোগ করায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। শিশুদের থানায় এসে অভিযোগ করা চাঁপাইনবাবগঞ্জে এটিই প্রথম ঘটনা। অভিযোগের সুষ্ঠু সমাধান করে দিতে পেরে উপস্থিত সবাই আনন্দিত।