দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র শিক্ষার্থী মিন্টুর চিকিৎসায় সাহায্যের আবেদন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ খুলনার সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মিন্টু খান দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অতি দরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই তার চিকিৎসার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা : মো. মিন্টু খান, সঞ্চয়ী হিসাব নং : ৩৪০৮৪৬৮৬, জনতা ব্যাংক, কপিলমুনি বাজার শাখা, পাইকগাছা, খুলনা। বিকাশ নম্বর : ০১৭৩৪১৯৪৮৯৪।
পরিবারের সদস্যরা জানান, মিন্টু খান খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম রামনগর গ্রামের মো. সাইফুল্লাহ খানের তৃতীয় সন্তান। সে অগ্ন্যাশয়ের প্যানক্রিয়াস রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে গ্রামবাসী চাঁদা তুলে খুলনা নার্সিং হোমে ভর্তি করেন। কিছুটা সুস্থ হয়ে মিন্টু বাড়ি ফেরে। কিন্তু বর্তমানে তার অবস্থা ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব। সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাকে অনেক দিন চিকিৎসা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, মিন্টুর শৈশব কেটেছে চরম দারিদ্রতার মধ্যে। শিশু বয়সে লেখাপড়ার খরচ জোগাড় করতে মাঠে গরু চরাতো। বড়দের সাথে মৎস্য ঘেরে সারাদিন কাজ করতো। ২০০৫ সালে সে খুলনার কাশিমনগর কে.আর.আর মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি ও ২০০৭ সালে কপিলমুনি কলেজ থেকে এইচ.এস.সি পাস করে। ২০১৩ সালে বি.এল. বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অর্থনীতি বিষয়ে বি.এ (অনার্স) পাস করেন। বর্তমানে সে মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।