গাইবান্ধায় বিরল প্রজাতির ৫টি শকুন উদ্ধার
গাইবান্ধার সদর উপজেলায় বিরল প্রজাতির পাঁচটি শকুন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার রোয়ালী ইউনিয়নের ফলিয়া গ্রাম থেকে শকুনগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের আমিনুল ইসলাম জানান, বিকেলে ফলিয়া গ্রামে বিরল প্রজাতির ওই শকুনগুলো অসুস্থ অবস্থায় উড়তে না পেরে পড়ে যায়। শকুনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন সেগুলো দেখতে সেখানে ভিড় জমায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন করে জানায়। ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা গিয়ে সেগুলো উদ্ধার করে।
গাইবান্ধা জেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুস সবুর জানান, এক ঝাঁক বিরল প্রজাতির শকুন উড়ে যাওয়ার সময় ওই গ্রামে পাঁচটি পড়ে যায়। এ সময় এলাকাবাসী তাদের ধরে ফেলে। খবর পেয়ে সন্ধ্যায় গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেগুলো উদ্ধার করে বন বিভাগে আনা হয়।
তিনি জানান, চিকিৎসার জন্য সেগুলো দিনাজপুর সিংড়া ফরেস্টে পাঠানো হবে। চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।