নাটোরে দুই বাসের সংঘর্ষে একজন নিহত, আহত ১৫
নাটোরের দিঘাপতিয়ায় নান্নু পরিবহন ও নিশিতা পরিবহন নামের যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিশিতা পরিবহনের হেলপার লিখন নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
বুধবার সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহতদের মধ্যে থেকে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত লিখন নাটোর শহরের তেবারিয়া এলাকার বাসিন্দা।
নাটোরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আসাদুজ্জামান ও ঝলমলিয়া হাইওয়ে ফাড়ি (পশ্চিমাঞ্চল) নাটোরের ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, গাইবান্ধা থেকে রাজশাহীগামী নান্নু পরিবহনের সাথে নাটোর থেকে বগুড়াগামী নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিশিতা পরিবহনের হেলপার লিখন মারা যান। আহত হন আরো অন্তত ১৫ জন।
খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়।