মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পুরুষ নির্যাতন দমন আইনের দাবি

প্রতিনিধি ৭২ বার পঠিত ২ মিনিটের পাঠ

নারী নির্যাতন প্রতিরোধ আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন দমন আইন করারও দাবি জানানো হয়েছে। রোববার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন (বিএমআরএফ) নামক একটি সংগঠনের আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে অনেক পুরুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু কার কাছে এ অধিকারের কথা বলবে? পুরুষের নীরব কান্না শোনার মতো পুরুষ বিষয়ক মন্ত্রণালয়, অধিদফতর বা পরিদফতর নেই। প্রতিদিনই পুরুষ নির্যাতনের নানা অভিযোগ শোনা যায়। অসাধু কিছু নারী বিয়ের নামে কাবিনের ব্যবসা করে নিরীহ পুরুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। দণ্ডবিধি ৪৯৭ ধারায় একই অপরাধে পুরুষদের বিরুদ্ধে পাঁচ বছর জেল এবং জরিমানা রয়েছে, কিন্তু নারীদের দায়মুক্তি। এতে কিছু অসাধু নারী পরকীয়ার প্রতি উৎসাহিত হচ্ছে।

তারা আরও বলেন, পরকীয়া আসক্ত ও অবাধ্য স্ত্রীকে এ বিষয় কথা বলতে গেলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও যৌতুক মামলা দিয়ে হাজতে পাঠিয়ে দিচ্ছে। অথচ স্বামীকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়া হচ্ছে না। পরকীয়া আসক্ত হয়ে অনেক স্ত্রী তার স্বামীকে সর্বশান্ত করে চলে গেলেও স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। তাই পুরুষ নির্যাতন দমন আইন প্রয়োজন।

সংবিধানের ২৭ অনুচ্ছেদে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও নারী নির্যাতন দমন আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতন দমন আইন নেই বলেও জানান মানববন্ধনে অংশ নেয়া বক্তারা।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের ঢাকা মহানগরের আহ্বায়ক তাইফুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাজেদ ইবনে আজাদ, সদস্য আনোয়ার হোসেন, লিটন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।