এসকে সিনহাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী
রাজু দত্ত, মৌলভীবাজার (কমলগঞ্জ) প্রতিনিধি ।। বিদেশে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলার চার উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা ভাতা ৩ মাসের পরিবর্তে এখন থেকে প্রতি মাসে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া হবে।
জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে।
এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জামুকা কাউন্সিলের অন্যতম সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।