নড়াইলে কৃষককে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন
উজ্জ্বল রায়, নড়াইল থেকে ।। পূর্ব শত্রুতার জের ধরে মনি মিয়া ফকির (৬১) নামে এক কৃষককে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। সে কোটাকোল ইউপির করগাতি গ্রামের মৃত মতলেব ফকিরের ছেলে কৃষক মনি মিয়া ফকির। দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তি ও তার পরিবার সুত্রে জানা গেছে, রাতে দিঘলিয়া বাজার থেকে নিজ বাড়ি কোটাকোলের করগাতি গ্রামে যাবার পথে চরদিঘলিয়া সমিতির ঘরের কাছে পৌঁছালে মনি মিয়া ফকিরকে গতি রোধ করে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। এ সময় সন্ত্রাসীরা ডান পা বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মারাত্বক জখম ওই কৃষক বলেন, আমাকে কাইয়ুম খাঁ, আলীম, নয়ন, সাহেব খাঁ, রিদয়, মশিয়ার, শিমুল, আজিবর, উজ্জ্বল, চুন্নু মোল্যা কুপিয়ে জখম করেছে। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে কুপিয়ে জখম করেছে এবং আমার কাছে থাকা ৩২ হাজার টাকা কেড়ে নিয়েছে।
নড়াইলের লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সুমনা খানম জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নড়াইলের লোহাগড়া থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।