সাংগঠনিক দুর্বলতায় বিএনপির ভরাডুবি : তথ্যমন্ত্রী
সাংগঠনিক দুর্বলতার কারণেই ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের রংপুর বিভাগীয় সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনও রাজনৈতিক শক্তি দেশে নেই । তাদের দলে যেমন ঐক্য নেই, তেমনি সংগঠন বলেও কিছু অবশিষ্ট নেই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি, সেটি আমরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দেখাতে সক্ষম হয়েছি। ঢাকা সিটি নির্বাচনে আমাদের সংগঠন ঐক্যবদ্ধ ছিল এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে বিপুল ভোট পেয়ে দলের মনোনীত মেয়র প্রার্থীরা জয়লাভ করেছেন। এভাবে যেকোনও ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে নামলে আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাংগঠনিক শক্তির পাশাপাশি শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা পরিচালনার অনন্য দক্ষতার কারণেই আমরা পরপর তিন বার রাষ্ট্র ক্ষমতায়। জনগণের সমর্থন ছাড়া আমরা একদিনও রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাই না। জনগণ সমর্থন দিলে অবশ্যই আমরা আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবো। নেতাকর্মীরা বিনয়ী হলে জনগণ অব্যাহতভাবে আমাদের ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।