মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাউজানে মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রতিনিধি ৮৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

চট্টগ্রামের রাউজানে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তিযোদ্ধার নাম একেএম নুরুল আজম চৌধুরী। তার বয়স হয়েছিল ৭৫ বছর। জানা যায়, সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো কিরিচ দিয়ে তাকে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে।

মুক্তিযোদ্ধা নুরুল আজম চট্টগ্রামের রাউজানের হাটহাজারী উপজেলার গড় দুয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি গুরামিয়া চৌধুরী বাড়ির আব্দুল হালিম চৌধুরীর বড় ছেলে। হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে একটি স্টেশনারি দোকান পরিচালনা করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে নুরুল আজম তার দোকানের পাশের পুকুরে গোসল করেন। এরপর দোকান খোলেন। সকাল ১০টার দিকে এক যুবক কিরিচ দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। দোকানের সামনের পুকুরে তার দ্বিখণ্ডিত লাশ পড়ে ছিল।

রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।