অপরাধীরা নজরদারিতে আছে : কাদের
ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়া, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকাণ্ডে আওয়ামী লীগ বিব্রত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, অপরাধী দলীয় কেউ হলেও আমরা বিব্রত হইনি, ব্যবস্থা নিয়েছি, ব্যবস্থা নেবো। অপরাধীরা নজরদারিতে আছে। অপরাধীরা পার পাবে না। আমাদের নেত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। অপরাধী দলীয় পরিচয়ে পার পাবে না।
বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দেশে বিদেশি অতিথিরা আসবেন। দেশের মানুষের মধ্যে এ বিষয়ে উৎসাহ রয়েছে। আমাদের এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বিএনপি বিরোধিতার জন্য বিরোধিতা করছে। তারা বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড। বিএনপি আজও জাতির পিতা বঙ্গবন্ধুকে মেনে নেয়নি। তবে তারা শত চেষ্টা করেও বঙ্গবন্ধুর অর্জন ম্লান করতে পারেনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন। বিচারক বদলির বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। পিরোজপুরে আদালতে আইন ও বিচার বিভাগের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলেও তারাই সমাধান করবে।
তিনি বলেন, আওয়ামী লীগে কিছু সুবিধাবাদীর অনুপ্রবেশ ঘটেছে। তবে অপরাধ করে কেউই পার পাবে না। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি অব্যাহত থাকবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।