মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

প্রতিনিধি ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটি কালিসীমা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)। আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। হতাহত সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত বলেন, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন। তিনি আরও জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোটি সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও বাসের কোনো যাত্রী তেমন আহত হননি। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।