গাজীপুরে তাজউদ্দীন মেডিকেলের চিকিৎসক কোয়ারেন্টিনে
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জ্বর, কাশি ও গলা ব্যাথাসহ করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ দেখা দিলে তাকে ডিউটি থেকে প্রথমে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়। পরে তাকে নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের এক চিকিৎসক ৩/৪ দিন আগে দুবাই ফেরত একজনকে চিকিৎসা দেন। তারপর থেকে তিনি জ্বর, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত হন। শনিবার হাসপাতালে পৌছার পর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি দেখা দিলে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়। চিকিৎসক নিজেই আগ্রহ প্রকাশ করলে দুপুরের পর তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।’
সূত্র জানায়, করোনাভাইরাস আক্রান্তের প্রাথমিক লক্ষণ দেখা দেয়ায় চিকিৎসকের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। ১৪ দিন তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হবে। তবে পর্যবেক্ষনকালে কোন সমস্যা না হলে পরে তাকে ছাড়পত্র দেয়া হবে।
গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী শহীদ তাজউদ্দীন হাসপাতালের এক চিকিৎসকসহ জেলায় শনিবার পর্যন্ত ১০৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’