মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সুস্থ রাজনীতির পথে ফিরে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান : সৈয়দ আশরাফ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

5-jan-bal-2016
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ গণতন্ত্রের জন্য মানুষ হত্যা না করে সুস্থ রাজনীতির পথে ফিরে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
বিএনপিকে উদ্দেশ্য করে সৈয়দ আশরাফ বলেন, গত বছর ৫ জানুয়ারির পর আন্দোলনের নামে যে সহিংসতা-নাশকতার তাণ্ডব সৃষ্টি করেছিলেন, এদেশের মানুষ তা কখনো ভুলে যাবে না।

তিনি বলেন, ‘নির্বাচন হবে, নির্বাচন সুষ্ঠু হবে। সেই নির্বাচনে প্রাণহানির প্রয়োজন হবে না। জননেত্রী শেখ হাসিনা সেই গণতন্ত্রে বিশ্বাস করেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া ৬৪ জন মানুষকে পুড়িয়ে মেরেছেন। কিন্তু কিসের জন্য করেছেন? গণতন্ত্রের জন্য মানুষ মারতে হয় না। গণতন্ত্রের জন্য গাড়ি পোড়াতে হয় না।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি করে খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি পাকিস্তানি। তাই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তার থাকতে পারে না।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মেয়র সাঈদ খোকন প্রমুখ।

এর আগে আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।