নারায়নগঞ্জ থেকে কেন এসেছে জানতে চাওয়ায় মাথা ফাটিয়ে দিল প্রতিবেশি
করোনার মধ্যে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে কেন এসেছে জানতে চাওয়ায় রুহুল আমিন নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে ইছাহাক নামে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তি।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের ছত্তার খা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুহুল আমিন একই গ্রামের খোরশেদ আলীর ছেলে।
আহত রুহুল আমিন বলেন, দুদিন আগে প্রতিবেশী জাফর মুন্সির ছেলে ইছাহাক কার্গোতে করে নারায়ণগঞ্জ থেকে পাথরঘাটার ঘুটাবাছা গ্রামের বাড়িতে এসেছেন। করোনা ভাইরাসের এমন সময় নারায়ণগঞ্জ থেকে কেন গ্রামে এসেছেন জানতে চাই এবং বিষয়টি ইউএনওকে জানাবো এমন কথা বললে তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায় ইছাহাক লাঠি দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দায়িত্বরত চিকিৎসক জানান, তার মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ইছাহাককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আহতের পক্ষ থেকে থানায় মামলা দেওয়ার জন্য বলা হয়েছে।