মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ ভাই নিহত

প্রতিনিধি ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর পত্নীতলা উপজেরার শীতলবাজার গ্রামের মৃত সোলাইমান হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪০) ও তার ছোট ভাই আবু হানিফ (৩৫)।

তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। নিজ এলাকায় ধানকাটার কাজ করার জন্য তারা বাড়ি ফিরছিলেন।

আহত যাত্রী ও থানা পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে নওগাঁ যাচ্ছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা পৌঁছালে বিপরীতমুখি একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশারাফ হোসেন নামের এক যাত্রী মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু হানিফ। আহত অন্যান্যদের মধ্যে আকমল (৪০), পলাশ (৩৫), আশিকুর রহমান (৩৬) ও এরশাদ (৩৪) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। তবে বাস-ট্রাকের চালক ও তার সহকারীকে পাওয়া যায়নি।