মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কোয়ারেন্টিন ভেঙে বিয়ে করায় ব্যাংক কর্মকর্তার জরিমানা

ডেস্ক রিপোর্ট ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

কোয়ারেন্টিন ভেঙে বিয়ে করায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে। এ ছাড়া তাকে আরও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। 

আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুর আহমদ জমাদার বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যাংক কর্মকর্তাকে এ জরিমানা করেন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি ওই ব্যক্তিকে আরও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশও দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, জরিমানা হওয়া ব্যক্তি ঢাকায় এক্সিম ব্যাংকে কর্মরত। তিনি গত ২৭ এপ্রিল লকডাউন ভেঙে ঢাকা থেকে বোয়ালখালীতে আসেন। এরপর ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। কিন্তু তিনি তা না মেনে আজ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন। সরকারি নির্দেশ অমান্য ও সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তৈরি করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মোজাম্মেল হক চৌধুরী আরও জানান, এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে ১৮ বীর ব্যাটালিয়নের সেনা সদস্য ও বোয়ালখালী থানার পুলিশ সদস্যরা।