চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জোহা রতনকে ৩৫ বস্তা মৎস্য ভিজিএফ’র চালসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ শেষে আৎসাতের অভিযোগ উঠলে তাকে আটক করে পুলিশ।
শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগাগে প্রেরণ করা হয়েছে। এদিকে, এ ঘটনায় তাৎক্ষণিক সখিপুর থানা আওয়ামী লীগ থেকে রতনকে বহিস্কার করা হয়েছে। সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার সাক্ষরিত একপত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সখিপুর থানার ওসি এনামুল হক বলেন, সংবাদ পেয়ে তাকে চালসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম নাসির উদ্দিন স্বপন ও ৩নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোফাচ্ছেল বেপারী এবং ৯ নং ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম বেপারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মোফাচ্ছেল বেপারীকে গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত ভিপি শেখ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার।
আরশিনগর ইউপি চেয়ারম্যান সামসুজ্জোহা রতন ও কুচাইপট্টি ইউপি সদস্য মোফচ্ছেল বেপারীকে দলীয় পদ থেকে বহিস্কার করা করায় সন্তোষ প্রকাশ করেছে তৃণমূলের নেতাকর্মীরা।
অন্যদিকে, তবে এখনও গোসাইরহাটের কুচাইপট্টি ইউপি চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বিএম নাসির উদ্দিন স্বপন, ইউপি সদস্য ও শামীম বেপারী এবং জাজিরার বিলাসপুর ইউপি সদস্য সেলিম মোল্যার বিষয়ে দলীয় সাংগঠনিক সিধান্ত না নেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূলেরর নেতাকর্মীরা।