দেশে নতুন করে আরও ৬৩৬ আক্রান্ত, মৃত্যু ৮
দেশে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৬৩৬ জন।
নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২১৪; মোট আক্রান্ত ১৩,৭৭০। এর মধ্যে ২৪ ঘণ্টায় ৩১৩ জনসহ আরোগ্য লাভ করেছেন ২,৪১৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে হালনাগাদ তথ্য তুলে ধরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, চব্বিশ ঘণ্টায় মৃত্যু হওয়া আটজনের মধ্যে সবাই পুরুষ। এদের মধ্যে ৭১-৮০ বছর বয়সী দুইজন, ৬১-৭০ বছরের মধ্যে আছেন দুইজন, ৫১-৬০ বছরের ঘরে একজন, ৪১-৫০ বছরের কোটায় দুইজন এবং ৩১-৪০ বছরের মধ্যে আছেন একজন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার।