মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

প্রতিনিধি ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চর কেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। সোমবার ভোর সকাল থেকে স্থানীয় মকবুল ও আলী আহম্মেদ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে অর্ধ শতাধিক পুলিশ সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান জানান, সকাল থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মকবুল ও আলী আহম্মেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। দূর থেকে ককটেল বিস্ফোরণ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৭ রাউন্ড ফাকা গুলি ছোড়ে পুলিশ।

তবে এই ঘটনায় আহত ও আটক নেই। সকাল ১০টা থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

জেসমিন আক্তার জুই জানান, গভীর রাতে নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শাশুড়ীকে মারধোর করে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভূইয়ার সমর্থকরা। এসময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটে যা পুলিশ অবগত আছে।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভূইয়া জানান, রাজনৈতিকভাবে হেয় করার জন্যই তারা এই মিথ্যা অভিযোগ দিচ্ছে। প্রকৃতপক্ষে তারাই বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি অশান্ত করছে। দীর্ঘদিন ঢাকায় অবস্থান করার কারণে এসবের থেকে দূরে আছি বলে জানান তিনি।