মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বান্দরবানে ইউপি সদস্যকে গু‌লি করে হত‌্যা

প্রতিনিধি ১৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

বান্দরবানে চাইন ছাহ্লা মারমা নামের (৩৭) এক ইউপি সদস্য সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কুহালং ইউনিয়নে বাকীছড়ার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে কুহালং ইউনিয়নের চেয়ারম্যান সানুপ্রু মারমা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন তাকে ফোন করে জানায় একজন ওয়ার্ড মেম্বার গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এদিকে কুহালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম বলেন, ছাহ্লা মারমাকে চট্টগ্রাম নেয়ার পথে রাত ১১টায় পটিয়া এলাকায় মারা যান।

এ প্রসঙ্গে বান্দরবান সদর থানা পু‌লিশের ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে পরে বিস্তারিত বলতে পারবো।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় অজ্ঞাত একদল অস্ত্রধারী যুবক তাকে ঘর থেকে ডেকে বের করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।