‘প্রত্যেক উপজেলায় হবে করোনা পরীক্ষার বুথ’
প্রত্যেক জেলা, উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষার বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
এসময় করোনা পরীক্ষা বাড়ানোর জন্য পিসিআর পদ্ধতির পাশাপাশি বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. আবুল কালাম আজাদ বলেন, করোনাভাইরাস ২ থেকে ৩ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এখনকার মতো এতো বেশি সংক্রমণ হবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে করোনা পরীক্ষা আরো বাড়ানো হবে। জেলা পর্যায়ে ভেন্টিলেটর স্থাপন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ একটি জনবহুল ও অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ অপরদিকে করোনা অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। তাই আমাদের অসতর্কতা চলাফেরায় এই ভাইরাস মারাত্মক অবস্থায় চলে যেতে পারে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে এই দেশে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
‘এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে ব্যস্ততম ব্যক্তি। করোনা শুধুমাত্র স্বাস্থ্যগত বিষয় নয় এটি সামাজিক, অর্থনৈতিক, যোগাযোগ, ধর্ম, বাণিজ্য ও জীবনের সাথে সম্পর্কিত।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যেহেতু বয়স্ক, ডায়াবেটিস বা বিভিন্ন রোগে যারা আক্রান্ত তাদের করোনার ঝুঁকি বেশি তাই আপনারা বাইরে বের হবেন না।